জাতীয়

রোববার বঙ্গভবন ছাড়বেন মো. সাহাবুদ্দিন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:০৬ পিএম

রোববার বঙ্গভবন ছাড়বেন মো. সাহাবুদ্দিন
ছবি: সংগৃহীত

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী রোববার (২৬ জুলাই) সপরিবারে বঙ্গভবন ত্যাগ করবেন। শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর মাত্র দুই দিনের মধ্যেই তিনি সরকারি এই বাসভবন ছাড়ছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শুক্রবার (২৪ জুলাই) পরিবারের একজন সদস্য গণমাধ্যমকে জানান, বঙ্গভবন ছাড়ার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সেখান থেকে বের হয়ে মো. সাহাবুদ্দিন রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন।

এদিকে একইদিন বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জরুরি সংবাদ ব্রিফিংয়ে জানান, বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র তার কাছে পৌঁছায় এবং তিনি তা গ্রহণ করেন।

স্পিকার বলেন, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি আরও জানান, গুরুতর শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতে অপারগ হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নেন।

পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন তার শারীরিক অবস্থার কথা উল্লেখের পাশাপাশি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।