জাতীয়

জাতিসংঘে বাংলাদেশের শান্তি প্রস্তাব বিপুল সমর্থনে গৃহীত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:০৯ পিএম

জাতিসংঘে বাংলাদেশের শান্তি প্রস্তাব বিপুল সমর্থনে গৃহীত
ছবি: সংগৃহীত

সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বিশ্ব সম্প্রদায়ের অঙ্গীকার আরও দৃঢ় করতে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক প্রস্তাব বিপুল সমর্থনে গ্রহণ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

শুক্রবার অনুষ্ঠিত সাধারণ পরিষদের বৈঠকে সদস্যরাষ্ট্রগুলোর সংখ্যাগরিষ্ঠ সমর্থনে প্রস্তাবটি অনুমোদিত হয়।

প্রস্তাব উপস্থাপনকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সমাজ গড়ে তুলতে অব্যাহত সংলাপ, পারস্পরিক বোঝাপড়া, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধ এবং জাতিসংঘ সনদের নীতিমালার প্রতি দৃঢ় অঙ্গীকার অপরিহার্য।

তিনি প্রস্তাবটির প্রতি গঠনমূলক সহযোগিতা ও ব্যাপক সমর্থন দেওয়ায় সদস্যরাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বিভাজনের পরিবর্তে সংলাপ, সংঘাতের পরিবর্তে সহযোগিতা এবং অসহিষ্ণুতার বদলে পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানান।

বাংলাদেশের উদ্যোগে ১৯৯৯ সালে প্রথম এই প্রস্তাব গৃহীত হয়। গত প্রায় আড়াই দশক ধরে এটি জাতিসংঘে শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি বিকাশে অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে।

বিশ্বজুড়ে বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা, সংহতি ও অহিংসার মূল্যবোধ প্রতিষ্ঠার পাশাপাশি সংঘাত প্রতিরোধ, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে প্রস্তাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।