জাতীয়

চুপ্পুর পদত্যাগপত্রে ১০টির বেশি ভুল, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম

চুপ্পুর পদত্যাগপত্রে ১০টির বেশি ভুল, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়
ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রে ১০টির বেশি বানান ও ভাষাগত ভুল রয়েছে বলে দাবি উঠেছে। বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রটি ভাষাগত দিক থেকে পর্যালোচনা করেছে ‘শুদ্ধ বানান চর্চা’ নামে একটি সংগঠন। তাদের দাবি, চিঠিতে ‘স্পিকার’ শব্দটি ভুল বানানে ‘স্পীকার’ লেখা হয়েছে। একইভাবে ‘শ্রদ্ধাভাজনেষু’ শব্দের পরিবর্তে ‘শ্রদ্ধাজনেষু’ লেখা হয়েছে। এছাড়া পদত্যাগের বাক্যেও ভুল রয়েছে বলে তারা উল্লেখ করেছে।

চিঠিতে লেখা হয়েছে, ‘রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি’। ভাষাবিদদের মতে, এর পরিবর্তে ‘রাষ্ট্রপতির পদ ত্যাগ করছি’ বাক্যটি অধিক শুদ্ধ।

তারিখ উল্লেখের ক্ষেত্রেও অসঙ্গতি রয়েছে বলে দাবি করা হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, ‘২০২৩ খ্রি. সনের ২৪ এপ্রিল’। সংশ্লিষ্টদের মতে, এটি ‘২০২৩ সনের ২৪শে এপ্রিল’ অথবা ‘২০২৩ খ্রিষ্টাব্দের ২৪শে এপ্রিল’ হওয়া উচিত ছিল।

এছাড়া ‘নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করেছি’ বাক্যটিকেও ভাষাগতভাবে ত্রুটিপূর্ণ বলা হয়েছে। তাদের মতে, বাক্যটি ‘নিষ্ঠা ও সততার সঙ্গে সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য রেখে দায়িত্ব পালন করেছি’ হলে তা অধিক শুদ্ধ হতো।

এ ছাড়া ‘পরীক্ষা’র পরিবর্তে ‘পরিক্ষা’, ‘কোনো’র পরিবর্তে ‘কোন’, ‘হৃদ্যন্ত্র’, ‘ইদানীং’, ‘অসামর্থ্য’, ‘রোগসমূহ’ এবং ‘৫০ (৩)’-সংক্রান্ত উপস্থাপনাসহ আরও কয়েকটি ভাষাগত ও বানানগত ভুলের দাবি করা হয়েছে। এসব বিষয় সামনে আসার পর সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টি নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন। কেউ কেউ আবার চুপ্পুর পুরোনো একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে এনে আলোচনা আরও উসকে দিচ্ছেন।