জাতীয়
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের বাসভবনে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, তিনি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন এবং সংসদ ভবনের ভেতরে স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন।
শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকেই সংসদ প্রাঙ্গণে অবস্থিত স্পিকারের বাসভবন ও আশপাশ এলাকায় রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, রোববার সকাল ১১টা ৩০ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন তিনি।