জাতীয়

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, প্রজ্ঞাপন জারি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন শুক্রবার (২৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই ২০২৬ তারিখে পদত্যাগ করায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই আদেশ জারির সঙ্গে সঙ্গে তা কার্যকর হয়েছে।

এর আগে, শুক্রবার স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী এরপরই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার সকাল ১১টা ৩০ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে দুপুর সাড়ে ১২টা ৩০ মিনিটে শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন।