জাতীয়
সেনা সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের উর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
সেনাবাহিনীর সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে সম্পূর্ণভাবে উপেক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পদোন্নতির ক্ষেত্রে পেশাগত যোগ্যতাই হতে হবে একমাত্র বিবেচ্য বিষয়।
রোববার (২৬ জুলাই) সকালে সেনা সদর দফতরে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশে বলেন, কর্মকর্তাদের মূল্যায়নের সময় তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা ও সততাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এসব গুণাবলীর ভিত্তিতেই পদোন্নতির সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা রক্ষা এবং দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
দেশের প্রয়োজনে সেনাবাহিনীর অবদানের জন্য সেনাপ্রধানসহ বাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, এই পদোন্নতি পর্ষদের প্রথম পর্বে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে উন্নীত হওয়ার জন্য যোগ্য কর্মকর্তাদের বিবেচনা করা হবে।