জাতীয়

নতুন কুঁড়ির গ্র্যান্ড ফাইনাল সোমবার, খুদে ক্রীড়াবিদদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:২৮ পিএম

নতুন কুঁড়ির গ্র্যান্ড ফাইনাল সোমবার, খুদে ক্রীড়াবিদদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতিযোগিতামূলক যাত্রা শেষে পর্দা নামতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রথম আসরের। সোমবার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই দেশব্যাপী আয়োজিত ক্রীড়া উৎসবের জাতীয় পর্বের গ্র্যান্ড ফাইনাল ও জমকালো সমাপনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া এই আয়োজনে খুদে ক্রীড়াবিদদের উৎসাহ দিতে মাঠের কার্যক্রমেও সরাসরি অংশ নেবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৪টায় ভেন্যুতে পৌঁছে তিনি রাজশাহী ও রংপুর অঞ্চলের বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন। এরপর অনুষ্ঠিত হবে বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল, যা বাড়াবে প্রতিযোগিতার উত্তেজনা।

খেলা শেষে প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র এবং থিম সং-এর সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনা। পরে প্রধান অতিথির বক্তব্য শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে এবং অংশগ্রহণকারীদের সঙ্গে ফটো সেশনে অংশ নেবেন আমন্ত্রিত অতিথিরা।

এর আগে গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের উদ্বোধন করা হয়। দেশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার শিশু-কিশোর ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ ৮টি খেলায় অংশ নেয়।

পরে ২০ জুলাই ঢাকার বিভিন্ন ভেন্যুতে শুরু হওয়া জাতীয় পর্বে ১০টি অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ ক্রীড়াবিদ ও কর্মকর্তা অংশ নেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিযোগিতায় প্রতিভার স্বাক্ষর রাখা খেলোয়াড়দের একটি বিশেষ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাছাইকৃত এসব খুদে প্রতিভাকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-এর বিভিন্ন শাখায় প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা হবে।

এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো শিশু-কিশোরদের ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে আবারও খেলার মাঠে ফিরিয়ে আনা।