জাতীয়
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলিক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন
দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং মোবাইল অ্যাপে এর কার্যকারিতা প্রদর্শন করতে হবে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিআরটিএ প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং গণপরিবহনে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপন অনুযায়ী ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক হবে।
বিআরটিএ জানায়, নতুন রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দিতে হবে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি সচল রয়েছে কি না, তাও প্রদর্শন করতে হবে।
সংস্থাটি আরও জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি স্পেসিফিকেশন বিআরটিএর স্থানীয় কার্যালয় এবং ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী, গণপরিবহনে জিপিএস সংযুক্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই নতুন রেজিস্ট্রেশন দেওয়া হবে এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে।
এ বিষয়ে সব পরিবহন মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং বিধান বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিআরটিএ।