জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এ বিষয়ে প্রাথমিক আলোচনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ রয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ও তফসিল এখনো চূড়ান্ত হয়নি। স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হবে। পরে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হবে।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন প্রাঙ্গণ থেকেই পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হবে। সংসদের অধিবেশন চলমান থাকুক বা না থাকুক, এতে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হবে না বলেও উল্লেখ করেন তিনি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনসহ আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাই কমিশন দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে চায়।
সংসদীয় আসন বা অন্য কোনো রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়া অন্য কোনো আসন বা বিষয় নিয়ে আলোচনা হয়নি।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।