জাতীয়
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, অধিবেশনের সভাপতিত্বে খলিলুর রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ-এর ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে যাচ্ছেন। অধিবেশনের সাধারণ বিতর্ক পর্বে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর এবং একই সঙ্গে প্রথমবারের মতো তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।
এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, অধিবেশনের সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সফরকালে প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প-এর দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে সাইডলাইন বৈঠকের পরিকল্পনাও রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরটি সংক্ষিপ্ত হবে। তিনি নিউইয়র্কে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন এবং ২৫ অথবা ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে রওনা দেবেন। সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের বেশি হবে না।