জাতীয়
গ্যাস-সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান
দেশে চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফোনালাপ ও চিঠির মাধ্যমে সহায়তার অনুরোধ জানানো হলে সংকট মোকাবিলায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সংকটের গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে। একই দিন বাংলাদেশ সময় বেলা ২টায় দুই প্রধানমন্ত্রীর মধ্যে ফোনালাপও হয়।
বর্তমানে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস মজুত ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) বিকল হয়ে পড়ায় গত এক সপ্তাহ ধরে শিল্প, বাণিজ্য ও আবাসিক খাতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। দেশে দৈনিক প্রায় ৩৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে মাত্র ২১০০ মিলিয়ন ঘনফুট।
প্রতিমন্ত্রী জানান, সংকট সমাধানে জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা এবং আরপিজিসিএল নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জি-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট আজিজ কাসিমের সঙ্গেও তার কথা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞরা দ্রুত সংকট সমাধানে কাজ করছেন এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনাও সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।