জাতীয়

রাষ্ট্রপতি হওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম

রাষ্ট্রপতি হওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি হওয়ার খবরকে সম্পূর্ণ গুজব হিসেবে উড়িয়ে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কয়েকটি গণমাধ্যমে তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখানো সংবাদের বিষয়ে তিনি স্পষ্টভাবে জানান, এতে কোনো সত্যতা নেই।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মাদকবিরোধী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, এ ধরনের সংবাদ ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

মাদকবিরোধী কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, ঠাকুরগাঁওয়ে ইতোমধ্যে সমন্বিত উদ্যোগে অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং গণমাধ্যমকে সম্পৃক্ত করে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তার মতে, এই উদ্যোগকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে।

মাদক নির্মূলে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু আইন প্রয়োগ বা শাস্তি দিয়ে এ সমস্যা সমাধান সম্ভব নয়। এজন্য সমাজের সব স্তরের মানুষকে সম্পৃক্ত করে সচেতনতা তৈরি করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নেওয়া পদক্ষেপগুলো ইতিবাচক ফল বয়ে আনবে।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে প্রচার চালানো জরুরি। গণমাধ্যম ইতিবাচক ভূমিকা রাখলে সমাজে সচেতনতা বাড়বে এবং মাদকবিরোধী আন্দোলন আরও শক্তিশালী হবে।