জাতীয়

সিটি করপোরেশন হতে যাচ্ছে কক্সবাজার, শুরু প্রশাসনিক প্রক্রিয়া


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:৪০ পিএম

সিটি করপোরেশন হতে যাচ্ছে কক্সবাজার, শুরু প্রশাসনিক প্রক্রিয়া
ছবি: সংগৃহীত

দেশের সিটি করপোরেশনের তালিকায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে কক্সবাজার। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রায় ১৫৭ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করতে ইতোমধ্যে প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং দ্রুত অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্যসচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত দপ্তরাদেশে নির্দেশনা জারি করা হয়েছে বলে জানান তিনি।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও দরিদ্র নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

এদিকে চট্টগ্রাম ওয়াসা-র মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার সীমা অতিক্রম করে বেড়ে ২৬ কোটি ৮০ লাখ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে দৈনিক পানি উৎপাদন গড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটারে পৌঁছেছে, যা সংস্থাটির মতে রেকর্ড।

অন্যদিকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এর প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবের রহমান শামীম। এর মাধ্যমে দেশের ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পন্ন হয়েছে; এখনো বাকি রয়েছে ঠাকুরগাঁও।