জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি আশা প্রকাশ করেন, অদূর ভবিষ্যতেই এই সফর অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চান, ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না এবং এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না।

জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, “এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত এখতিয়ার। তবে আমাদের পক্ষ থেকে বলতে পারি, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি নিশ্চিত, অদূর ভবিষ্যতেই এটি বাস্তবায়িত হবে।”

তিনি আরও বলেন, “আমরা অত্যন্ত আশাবাদী এবং সবাই এই সফরের অপেক্ষায় আছি।”

উল্লেখ্য, গত ১২ জুন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তিনি ঢাকায় ভারতীয় হাইকমিশনের দায়িত্ব গ্রহণ করেন।