জাতীয়
ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত
ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার করতে এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া নিশ্চিত করতে একটি জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি ঢাকা ও আশপাশের এলাকায় দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত, তাদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের তথ্যভান্ডার প্রস্তুত করা হয়েছে। বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবকও দ্রুত অন্তর্ভুক্ত করা হবে।
এছাড়া ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে সম্ভাব্য দুর্যোগের সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং ঢাকা শহরে মানবিক সহায়তা প্রস্তুতি এলাকা (Humanitarian Staging Area) স্থাপনের বিষয়েও আলোচনা হয়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।