জাতীয়
অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ এক বেতন’ নীতি বাস্তবায়নের নির্দেশনা
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ নীতি বাস্তবায়নে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। একই সঙ্গে তাদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড পরিদর্শনকালে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা।
এ সময় তাকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাশরুর হোসাইন ভূইয়া।
পরিদর্শনকালে ড. এ কে এম শামছুল ইসলাম অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি বলেন, সমপদের জন্য সমান বেতন নিশ্চিত করতে ‘এক পদ, এক বেতন’ নীতি বাস্তবায়নের বিষয়টি দ্রুত এগিয়ে নিতে হবে।
এছাড়া জেলা পর্যায়ের সশস্ত্র বাহিনী বোর্ডগুলোকে অবসরপ্রাপ্ত সদস্যদের মিলনমেলা ও সহায়তার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশাসনিক ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধির নির্দেশনা দেন তিনি।
চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে দেশের ৬১টি জেলায় মেডিক্যাল স্টোরের সংখ্যা বাড়ানো এবং প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়।
অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের সম্মানজনক জীবনযাপন ও পুনর্বাসনের জন্য ‘ডিফেন্স কলোনি’ প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রতিরক্ষা উপদেষ্টা। তিনি জানান, ঠাকুরগাঁও, গাইবান্ধা ও দিনাজপুর জেলায় এ প্রকল্পের জন্য জমি নির্ধারণ করা হয়েছে এবং সেখানে দ্রুত কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া অবসরপ্রাপ্ত সৈনিকদের অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষকৃত্যে সশস্ত্র বাহিনী বোর্ডের সম্পৃক্ততা ও সহায়তা বাড়াতে প্রয়োজনীয় প্রশাসনিক ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধির নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে সশস্ত্র বাহিনী বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।