জাতীয়

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৪ এএম

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতা লেভেল-৩ (পুনর্বিবেচনা করে ভ্রমণ) থেকে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ)-এ নামিয়েছে।

সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর ফলে যুক্তরাষ্ট্রের মূল্যায়নে বাংলাদেশ আগের তুলনায় ভ্রমণের জন্য আরও নিরাপদ দেশ হিসেবে প্রতিফলিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের পর এ অগ্রগতি আসে। বৈঠক শেষে সার্জিও গর খুদে বার্তার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি জানান।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভ্রমণ সতর্কতার এই উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। সরকারের দাবি, গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে এবং এ সিদ্ধান্ত দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্ব আরও ইতিবাচক ধারায় এগিয়ে যাওয়ার ইঙ্গিত বহন করে।

সরকারের মতে, ভ্রমণ সতর্কতার এ উন্নয়ন দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের পারস্পরিক যোগাযোগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি।