জাতীয়

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আম উপহার পাঠালেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:৫০ পিএম

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আম উপহার পাঠালেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

কূটনৈতিক সৌজন্যের অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর জন্য আম উপহার পাঠিয়েছেন মোহাম্মদ ইসহাক দার। তিনি পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন এক কূটনৈতিক নোটের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়-কে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে।

কূটনৈতিক নোটে জানানো হয়, ঐতিহ্য ও সৌজন্যের ধারাবাহিকতায় পাঁচ বক্স আম উপহার হিসেবে পাঠানো হয়েছে, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবেই বিবেচিত হচ্ছে।

এদিকে, উপহারটি যথাযথ প্রক্রিয়ায় গ্রহণ ও হস্তান্তরের জন্য পাকিস্তান হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রোটোকলের সহযোগিতা চেয়েছে বলে জানা গেছে।