জাতীয়

প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম

প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের নতুন তারিখ নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচিতরা আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন।

রোববার (২ আগস্ট) মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপসচিব রাজীব কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শূন্য পদের বিপরীতে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র পাঠানো হবে। যোগদান শেষে তাদের জেলাভিত্তিক পদায়ন সম্পন্ন করা হবে এবং পর্যায়ক্রমে বাধ্যতামূলক পেশাগত প্রশিক্ষণে পাঠানো হবে।

এর আগে ১ আগস্ট অনুষ্ঠিত এক জরুরি ভার্চ্যুয়াল সভায় যোগদানের সম্ভাব্য তারিখ হিসেবে ২৯ অক্টোবর আলোচনায় আসে। সে সময় গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, পুলিশ যাচাইসহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ার কারণে কিছুটা সময় লাগতে পারে। তবে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যেই কাজ করছে সরকার। পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্তে ১ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ নিয়োগের মাধ্যমে মোট ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক নিজ নিজ জেলায় যোগদান করবেন। যোগদান শেষে জেলা অনুযায়ী পদায়ন সম্পন্ন করে প্রয়োজনীয় প্রশিক্ষণের আওতায় আনা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলাফলে ১৪ হাজার ৩৮৪ জনকে নির্বাচিত করা হয়।

পরীক্ষার সব ধাপ শেষ হলেও যোগদান বিলম্বিত হওয়ায় গত এপ্রিলে নির্বাচিত প্রার্থীরা আন্দোলনে নামেন। পরে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে যোগদান ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।