জাতীয়
কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার, ২–৫ দিনের মধ্যে দাম কমার আশা
দেশে কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। আগামীকাল (সোমবার) থেকেই কাঁচামরিচ আমদানি শুরু করা যাবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একই সঙ্গে কাঁচামরিচ আমদানির ওপর বিদ্যমান করও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের আশা, এ উদ্যোগের ফলে আগামী ২ থেকে ৫ দিনের মধ্যে বাজারে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।
আজ রবিবার (০২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, কাঁচামরিচের বাজার স্থিতিশীল রাখতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়েছে। আমদানির অনুমতি এবং শুল্ক কমানোর ফলে বাজারে সরবরাহ বাড়বে, যা মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে।
বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েকদিন আগেও এর দাম ৪০০ টাকা পর্যন্ত পৌঁছেছিল, ফলে সাধারণ ভোক্তাদের ভোগান্তি বেড়ে যায়।
বাজার পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। তিনি গণমাধ্যমকে বস্তুনিষ্ঠভাবে বাজার পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, এতে জনগণ সচেতন হবে, বিভ্রান্তি কমবে এবং কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজির সুযোগ পাবে না।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রীরা শান্তিনগর কাঁচাবাজারে গিয়ে বাজার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।