জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে এমআইএসটির বিশ্বচ্যাম্পিয়ন আন্ডারওয়াটার রোবট নির্মাতা দলের সাক্ষাৎ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৬:৪৫ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে এমআইএসটির বিশ্বচ্যাম্পিয়ন আন্ডারওয়াটার রোবট নির্মাতা দলের সাক্ষাৎ
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবট নির্মাণ প্রতিযোগিতা ‘মেট রভ (MATE ROV) ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন-২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ রবিবার (০২ আগস্ট) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী বিশ্বজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং স্টার্টআপভিত্তিক উদ্যোগে সরকার সবসময় তাদের পাশে থাকবে। একই সঙ্গে দেশের রপ্তানি খাতকে আরও বহুমুখী করতে সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকস শিল্পের বিকাশে গুরুত্বারোপ করেন তিনি।

এসময় এমআইএসটির শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত চ্যাম্পিয়ন আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে দীর্ঘ আলোচনা করেন। তিনি বলেন, এ ধরনের উদ্ভাবন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতার পরিচয় বহন করে এবং দেশের প্রযুক্তি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোবটটির প্রযুক্তিগত উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীরা ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ গড়ে তোলার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী জানান, সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি নতুন সম্ভাবনাময় প্রযুক্তিনির্ভর খাত গড়ে তুলতে সরকার কাজ করছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশে ফিরে এ খাতের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং উদ্ভাবনী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৩ থেকে ২৯ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত মেট রভ ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন-২০২৬-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের দলকে পেছনে ফেলে এমআইএসটির ‘মাভিরভ’ দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় রানারআপ হয় যুক্তরাষ্ট্রের একটি দল এবং তৃতীয় স্থান অর্জন করে স্বাগতিক কানাডার দল। উদ্ভাবনী চিন্তা, প্রকৌশল দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং কার্যকর দলগত সমন্বয়ের ভিত্তিতে এ সাফল্য অর্জন করে বাংলাদেশের শিক্ষার্থীরা।