জাতীয়
৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নির্মিত স্মৃতি জাদুঘরের উদ্বোধন হতে যাচ্ছে আগামী ৫ আগস্ট। বুধবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে তিনি পুরো জাদুঘরটি পরিদর্শন করবেন। পরদিন ৬ আগস্ট থেকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, জাদুঘর নির্মাণ বা ব্যবস্থাপনা নিয়ে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।
সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, উদ্বোধনের দিন সকাল ৯টায় আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হবে। জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। জাদুঘর উদ্বোধনকে কেন্দ্র করে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বর্ণাঢ্য কনসার্টের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে জাদুঘরটিকে আরও সমৃদ্ধ ও তথ্যবহুল করে তোলা হবে।
জাদুঘরের প্রবেশ সংক্রান্ত বিষয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের প্রথম দিন জাদুঘরটি শুধুমাত্র শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা টিকিটের মাধ্যমে প্রবেশ করতে পারবেন।
প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।