জাতীয়

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, আগস্টে তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৮:৪৩ এএম

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, আগস্টে তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়
ছবিঃ সংগৃহীত

চলতি আগস্ট মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ৫ থেকে ৬ দিন বজ্রঝড় এবং এক থেকে দুটি বিচ্ছিন্ন মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আগস্ট মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পাশাপাশি দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগস্টে দেশের কোথাও কোথাও ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মৃদু তাপপ্রবাহ এবং ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এমন তাপপ্রবাহ এক থেকে দুটি বিচ্ছিন্ন পর্যায়ে দেখা দিতে পারে।

অন্যদিকে, বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। পাশাপাশি মাসজুড়ে বজ্রঝড়েরও আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগস্টে দেশে ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হতে পারে।

বন্যার শঙ্কা উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলে

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগস্ট মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। মৌসুমি ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বিশেষ করে টানা ভারি বৃষ্টিপাত এবং নদ-নদীর পানি বৃদ্ধির কারণে এসব অঞ্চলের নিম্নাঞ্চল ও নদীতীরবর্তী এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা বা বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে।

এ ছাড়া আগস্ট মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবনের পরিমাণ ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড়ে উজ্জ্বল সূর্যকিরণের সময় ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

সব মিলিয়ে আগস্টে স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি বঙ্গোপসাগরে লঘুচাপ, বজ্রঝড়, তাপপ্রবাহ এবং ভারি বৃষ্টিপাতজনিত স্বল্পমেয়াদি বন্যার মতো একাধিক আবহাওয়াজনিত পরিস্থিতির মুখোমুখি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল।