জাতীয়
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের সতর্ক করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
স্কুল শিক্ষকদের প্রাইভেট বা কোচিং করানো সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ নির্দেশ অমান্য করে কেউ প্রাইভেট পড়ালে তার এমপিও বাতিল করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন বরাদ্দও বন্ধ করে দেওয়া হতে পারে।
শনিবার (৮ আগস্ট) নাটোরের লালপুর উপজেলার বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয় ও বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা মূলত শ্রেণিকক্ষেই সম্পন্ন করতে হবে। কোনো বিষয়ে দুর্বলতা থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে অতিরিক্ত ক্লাস নেওয়ার পরামর্শ দেন তিনি।
এ সময় তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, আগের সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। বর্তমান সরকার সেই অচলাবস্থা কাটিয়ে শিক্ষা খাতকে এগিয়ে নিতে কাজ করছে এবং শিক্ষকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
এবি ইউনিয়ন বিএনপির সভাপতি আবেদ আলী মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু এবং বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।