জাতীয়

হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত পাঠাবে, সেটা ভারতের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম

হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত পাঠাবে, সেটা ভারতের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
ছবিঃ সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত কোন প্রক্রিয়া অনুসরণ করবে, সেটি দেশটির নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আজ রবিবার (১৬ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, ভারত আদালতের অনুমোদন নিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে, নাকি বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তর করবে—সেটি ভারতের সিদ্ধান্ত। বাংলাদেশের পক্ষ থেকে এ প্রক্রিয়া নির্ধারণ করার সুযোগ নেই।

সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের আদালতের অনুমোদনের প্রয়োজন হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, ভারতের আদালতের মাধ্যমে নাকি সরকারের সিদ্ধান্তে তাকে বাংলাদেশে পাঠানো হবে, সেটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।

তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এখন ভারতীয় কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেবে এবং কোন আইনি কাঠামোর মাধ্যমে তাকে বাংলাদেশে পাঠাবে, তা তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা বিচারাধীন রয়েছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, এর মধ্যে একটি মামলায় তিনি ইতোমধ্যে দণ্ডিত হয়েছেন। এ কারণে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা প্রয়োজন।

আমিনুল ইসলাম আরও বলেন, শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে আসার কথা বলেছেন। তবে তার আগেই ভারতীয় সরকারের তাকে বাংলাদেশে পাঠানো উচিত বলে তিনি মনে করেন।

তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। তবে কোন আইনি কাঠামো অনুসরণ করা হবে, সেটি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নির্ধারণ করবে।