জাতীয়
৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময়
সফটওয়্যার, ইন্টারনেট ও বিদ্যুৎ বিভ্রাটসহ বিভিন্ন কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে না পারায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।
সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বিভাগের পরিচালক মো. মোশাররফ হোসেনের স্বাক্ষরে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য এর আগে ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছিল।
তবে মাঠপর্যায়ের কর্মকর্তা ও আবেদনকারীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সফটওয়্যার জটিলতা, ইন্টারনেট সংযোগের সমস্যা এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের সময়সীমা আরও ১৬ দিন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের এই কার্যক্রমে পাঁচ ধরনের ভাতা ও শিক্ষা উপবৃত্তি অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো হলো—
* বয়স্ক ভাতা
* বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা
* প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি
* হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নমূলক ভাতা ও উপবৃত্তি
* চা-শ্রমিকদের জন্য নির্ধারিত ভাতা ও শিক্ষা উপবৃত্তি
নির্ধারিত যোগ্যতা পূরণকারী আগ্রহী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে।
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, আগের আবেদন গ্রহণের ক্ষেত্রে যে নির্দেশনা ও শর্ত দেওয়া হয়েছিল, বর্ধিত সময়েও সেগুলো বহাল থাকবে। পাশাপাশি বিভাগীয় ও মাঠপর্যায়ের সব সমাজসেবা কার্যালয়কে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তাই এসব ভাতা বা শিক্ষা উপবৃত্তি পাওয়ার যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের আগামী ৩১ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।