জাতীয়

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৩৮ পিএম

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি ঠিক থাকলে নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পর তিনি সান ফ্রান্সিসকো সফর করবেন।

রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য নয় দিনের যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়েছে। একই সঙ্গে সফরসঙ্গীদের জন্য মার্কিন ভিসা সংগ্রহের প্রক্রিয়াও চলছে।

প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে নোট ভার্বাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন তারেক রহমান। অধিবেশনের মূল পর্বের পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

নিউইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রীর সান ফ্রান্সিসকো যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর থেকে তার এক বছরের মেয়াদ শুরু হওয়ার কথা রয়েছে।

জাতিসংঘের সূচি অনুযায়ী, ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আগে আলোচনা হয়েছিল। তবে সেই সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। শুক্রবার রয়টার্সকে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।