জাতীয়

একই মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী, কার কী কাজ জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম

একই মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী, কার কী কাজ জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে তাদের দায়িত্বের বিষয়গুলো উল্লেখ করা হয়।

পরিপত্র অনুযায়ী, হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে নির্ধারিত বিষয়গুলোতে কার্য সম্পাদনে সহায়তা করবেন।

হুমায়ুন কবিরের দায়িত্বের মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্যান্য বিষয়।

অন্যদিকে শামা ওবায়েদ ইসলামের দায়িত্বের মধ্যে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, এই দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় অনুমোদন রয়েছে।