জাতীয়
শিক্ষা সহযোগিতা বাড়াতে চীন সফরে শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, চীনের উদ্দেশে ঢাকা ছাড়ার সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।
সফরকালে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি তিনি শিক্ষা বিষয়ক বিভিন্ন ফোরাম ও সম্মেলনে অংশ নেবেন।
এ ছাড়া চীনের বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। সফরকালে দুই দেশের মধ্যে শিক্ষা সংক্রান্ত কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনাও রয়েছে।