জাতীয়
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে যাবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে আসবে বলে আশাবাদ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। এর ফলে আগামী গ্রীষ্মের আগেই দেশে অন্তত ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হতে পারে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভাপতিদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।
জ্বালানি তেলের দাম বাড়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বাড়ছে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম বাড়ার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের মতো একটি দেশে সরকার কতদিন বাজার পরিস্থিতির সঙ্গে সমন্বয় না করে থাকতে পারে।
তবে জনগণের বিষয়টি বিবেচনায় নিয়েই সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করছে বলে জানান তিনি। একই সঙ্গে শিশুদের ছোটবেলা থেকেই সম্পদের পরিমিত ব্যবহার শেখানোর ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
শিক্ষকদের উদ্দেশে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের নৈতিক শিক্ষার ভিত্তি তৈরি করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও মানসম্মত স্যানিটেশন নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করতে হবে।
অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না উল্লেখ করে তিনি বলেন, কোনো শিক্ষার্থী আর্থিক সংকটে পড়লে সরকারের পক্ষ থেকে তার পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে।
নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, দলীয় বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তার কিংবা অরাজকতা সৃষ্টি করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রথমে সাংগঠনিক এবং পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।