জাতীয়

রাজধানীসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম

রাজধানীসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের নেতৃত্বে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত এই ইউনিট শিগগিরই দেশব্যাপী অভিযান শুরু করবে।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পিস্তল, রিভলবার ও শটগান উদ্ধারে তথ্য দিয়ে সহায়তা করলে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া সাউন্ড গ্রেনেড, লুণ্ঠিত কাঁদানে গ্যাসের শেল ও অন্যান্য লুট হওয়া অস্ত্রের তথ্যের ক্ষেত্রে ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন এবং পুলিশ বাহিনীকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে নিয়মিত কৌশলগত পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে।

তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দিয়ে তিনি বলেন, অস্ত্র উদ্ধারে যারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন, তাদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে বাতিলকৃত অস্ত্রের লাইসেন্স জমা না দেওয়ায় সেগুলোকে অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে মামলা করা হয়েছে। এসব অস্ত্র উদ্ধারে অভিযানও অব্যাহত রয়েছে।

এদিকে সারাদেশে মাদক, চোরাচালান ও চাঁদাবাজি বন্ধে গোয়েন্দা সংস্থাগুলোর সহযোগিতায় বিশেষ কৌশলগত অভিযান চলছে বলেও জানান তিনি। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ কর্মকর্তাদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত অগ্রগতি দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।