জাতীয়

একযোগে ২৭ উপসচিবকে ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:৩০ এএম

একযোগে ২৭ উপসচিবকে ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ
ছবি: সংগৃহীত

বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭ জন উপসচিবকে দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকারের উপপরিচালক পদে বদলি ও পদায়ন করেছে সরকার।

রোববার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী এতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়ন করা কর্মকর্তাদের চাকরি স্থানীয় সরকার বিভাগের অধীনে ন্যস্ত থাকবে। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন বিকেলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন তারা।

পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক তামিম আল ইয়ামীন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের, মুন্সিগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক নজরুল ইসলাম এবং গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার।

এ ছাড়া বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপপরিচালক পুষ্পেন্দু দেবকে পাবনা, পরিকল্পনা কমিশনে সংযুক্ত উপসচিব মিজ মাহমুদা সুলতানাকে সিলেট এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সিলেটের চার্জ অফিসার মিজ সোনিয়া সুলতানাকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাকিব হাসান তরফদারকে বরিশাল, নৌপরিবহন অধিদপ্তরের বিশেষ কর্মকর্তা দীপায়ন দাস শুভকে ভোলা এবং মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মিজ শাশ্বতী শীলকে পিরোজপুরে পদায়ন করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমাকে চট্টগ্রাম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপপরিচালক দেবাশীষ চৌধুরীকে চাঁদপুর, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. মনজুরুল হককে বান্দরবান এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা মিজ সাদিয়া আফরিন কচিকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীনকে একই জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে এবং রাঙ্গামাটি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানকে ফেনীতে পদায়ন করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপপরিচালক মো. আরিফুর রহমানকে লক্ষ্মীপুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত উপসচিব মো. সফি উল্লাহকে রংপুর এবং লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মিজ মোছা. আফরোজা খাতুনকে একই জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মিজ মাহমুদা আক্তারকে নীলফামারী, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক বিষ্ণুপদ পালকে পঞ্চগড় এবং ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা শাহিনকে একই জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপপরিচালক মিজ জাকিয়া আফরিনকে ময়মনসিংহ, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদকে নেত্রকোণা এবং একই জেলার আরেক অতিরিক্ত জেলা প্রশাসক মিজ সুমী আক্তারকে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।