জাতীয়
মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়া প্রসঙ্গে যা জানালেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব এলে দেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, এ বিষয়ে এখনো সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ আসেনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত আন্তঃসংসদীয় ইউনিয়নের মহাসচিব আন্দা ফিলিপের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে এ ধরনের প্রস্তাব এলে তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে। জাতীয় স্বার্থের পাশাপাশি দেশের নিরাপত্তা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে আন্তঃসংসদীয় ইউনিয়নের মহাসচিবের সঙ্গে বৈঠক প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বর্তমান সংসদে তরুণ সংসদ সদস্যদের উপস্থিতিকে ইতিবাচকভাবে দেখছেন আন্দা ফিলিপ। বাংলাদেশের সংসদে তরুণদের অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন।
বৈঠকে বাংলাদেশের সংসদ ও আন্তঃসংসদীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে। আন্তর্জাতিক এই সংসদীয় ফোরামের সঙ্গে কাজের পরিধি বাড়ানোর বিষয়ে সরকারের আগ্রহের কথাও জানানো হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সংসদীয় কার্যক্রমকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এ কারণে আন্তঃসংসদীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও কার্যকর ও বিস্তৃত করতে সরকার আগ্রহী।