জাতীয়
পে-স্কেল বাড়ানোর অজুহাতে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান এফবিসিসিআইয়ের
পে-স্কেল বাড়ানোর অজুহাতে নিত্যপণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
মঙ্গলবার সকালে এফবিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনটির প্রশাসক ফজলুল হক এ আহ্বান জানান।
ফজলুল হক বলেন, পে-স্কেল অনুমোদনের পর নিত্যপণ্যের দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তবে পে-স্কেলের সঙ্গে নিত্যপণ্যের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে ব্যবসায়ীদের পণ্যের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া উচিত।
তিনি বলেন, পে-স্কেলকে কেন্দ্র করে কোনো ধরনের অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানো হলে তা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করবে। তাই বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এদিকে সঠিক মান, পরিমাণ ও ন্যায্য দামে পণ্য সরবরাহ নিশ্চিত করতে বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর আহ্বান জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির পক্ষ থেকে বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানোরও তাগিদ দেওয়া হয়েছে।