জাতীয়
দক্ষিণ কোরিয়ায় ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি শিক্ষার্থী
দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী সাংকংহে বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন আক্তার অধরা।
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে মানবপাচারের জটিল কাঠামো নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিদ্যালয়ের এশীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বিষয়ক কর্মসূচি থেকে তিনি এ সম্মাননা অর্জন করেন।
১৩ আগস্ট সকালে বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ভবনের জন ডেলি হলে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে ইয়াসমিনের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সভাপতি কিম কিয়ং-মুনের কাছ থেকে মোট ১৩ জন শিক্ষার্থী এ পুরস্কার গ্রহণ করেন। তাঁদের মধ্যে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে একমাত্র ইয়াসমিনই এ সম্মাননা পেয়েছেন।
ইয়াসমিনের গবেষণার বিষয় ছিল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর প্রেক্ষাপটে মানবপাচার। গবেষণায় শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক বাস্তবতা, চলাচলের ওপর বিধিনিষেধ এবং মানবপাচারের বিভিন্ন ঝুঁকির দিক তুলে ধরা হয়েছে।
প্রতিক্রিয়ায় ইয়াসমিন আক্তার অধরা বলেন, এ আন্তর্জাতিক অর্জন তাঁর জন্য যেমন আনন্দের, তেমনি এটি দায়িত্বও বাড়িয়েছে। কোনো সমস্যা বুঝতে শুধু পরিসংখ্যানের ওপর নির্ভর না করে ভুক্তভোগী মানুষের অভিজ্ঞতাকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। তাঁর গবেষণার মাধ্যমে বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।