জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি-পদায়ন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ এএম

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি-পদায়ন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের জনবল ব্যবস্থাপনা-১ শাখার অতিরিক্ত উপমহাপরিদর্শক রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকারকে চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার (নদী) হিসেবে বদলি করা হয়েছে। ঢাকার পুলিশ স্টাফ কলেজে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমানকে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া হবিগঞ্জের মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হককে মহাসড়ক পুলিশে একই পদে বদলি করা হয়েছে। বিশেষ পুলিশ ব্যাটালিয়নে কর্মরত সহকারী পুলিশ সুপার তানিয়া ইসলামকেও মহাসড়ক পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

চট্টগ্রামের মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাদিম হায়দার চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পর্যটন পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে তার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

অন্যদিকে, শিল্পাঞ্চল পুলিশে কর্মরত সহকারী পুলিশ সুপার অনিক চৌধুরীকে পুলিশ সদর দপ্তরে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।