জাতীয়

বিপর্যস্ত নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিচ্ছে বাংলাদেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

বিপর্যস্ত নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিচ্ছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১০ লাখ মার্কিন ডলার জরুরি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের পাশে দাঁড়াতেই এই সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেপাল ও তিব্বত সীমান্তসংলগ্ন বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুর্যোগের পর দেশটির বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৩ হাজার ৯১৬ জন।

দুর্যোগের প্রভাব পড়েছে চীনের অংশেও। সেখানে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ৫৪৬ জন, যাদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক।

এ পরিস্থিতিতে নেপালে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে। তাদের পাশে দাঁড়াতেই আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে এই অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে অনুদানের বিষয়টি এখনো অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর বাংলাদেশ সরকারের দেওয়া অর্থ নেপালের দুর্যোগকবলিত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হবে।