জাতীয়

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, কী আলোচনা হলো


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, কী আলোচনা হলো
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক আদান-প্রদানসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক। পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে এ সম্পর্ককে সামনে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক ঐতিহাসিক হলেও বিভিন্ন সময়ে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে। সময় ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের সঙ্গে এ সম্পর্কেও পরিবর্তন এসেছে।

বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন স্পিকার। তিনি ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন। তার ভাষ্য, এসব নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে আবারও গণতন্ত্রের পথ সুগম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূলত সরকারকেন্দ্রিক ছিল।

অন্যদিকে, ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক গড়ে তুলতে ভারত সরকার আগ্রহী। জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরও জোরদারের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান তিনি।

বৈঠকে ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে হাফিজ উদ্দিন আহমদকে ভারত সফরের আমন্ত্রণ জানান দীনেশ ত্রিবেদী। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।