জাতীয়

প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম

প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের সুবিধামতো সময়ে ভারত সফর করবেন বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, কোনো পক্ষ থেকে সফরের জন্য নির্দিষ্ট তারিখ চাপিয়ে দেওয়া হলে বাংলাদেশ তা মেনে নেবে না।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন চিফ হুইপ।

নুরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই কোনো দেশের নির্ধারিত সময়সূচি বা নির্দেশনার ভিত্তিতে নয়, বাংলাদেশের প্রয়োজন, সুবিধা ও জাতীয় স্বার্থ বিবেচনা করেই প্রধানমন্ত্রী বিদেশ সফরের সিদ্ধান্ত নেবেন।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। বাংলাদেশ কোনো প্রতিবেশী দেশকেই উপেক্ষা করে না। প্রধানমন্ত্রীর নীতি ‘সবার আগে বাংলাদেশ’। দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে সবার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হবে।

দুই দেশের সম্পর্কের বিষয়ে চিফ হুইপ বলেন, ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক মর্যাদার ভিত্তিতে বজায় রাখা হবে।

এ সময় গত ১৬-১৭ বছরে দেশে নিপীড়ন, গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অনেক ব্যক্তি ভারতে পালিয়ে গেছেন বলেও মন্তব্য করেন তিনি। ভারতের প্রতি আহ্বান জানিয়ে নুরুল ইসলাম মনি বলেন, কোনো অপরাধীকে যেন আশ্রয়-প্রশ্রয় দেওয়া না হয়।

তিনি আরও বলেন, ভারত যদি বাংলাদেশের কল্যাণ চায়, তাহলে যারা এ দেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করেছে, তাদের আশ্রয় দেওয়া উচিত হবে না।