জাতীয়
আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছরে দেশের অর্থনীতির বড় ধরনের ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তিন দিনের সরকারি সফরে নিজ সংসদীয় আসন ভোলা-১ এ গিয়ে নতুনবাজারে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, বর্তমানে সরকার গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে। আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন। এখন সেখান থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে হবে।
ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ভোলার প্রতিটি মানুষ এই সেতু চান। সেতু নির্মাণের দাবিতে মানুষ আন্দোলন করছেন এবং সরকারও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। একই সঙ্গে মহাসড়কের বিষয়টিও সরকার বিবেচনা করছে। এ বিষয়ে ভোলাবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ভোলা-বরিশাল সেতু নিয়ে তিনি সংসদে বক্তব্য দিয়েছেন এবং প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভোলায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে একটি মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া নদীভাঙন রোধে ৭০০ কোটি টাকা এবং সড়ক সংস্কারে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
নিজের দায়িত্ব পালনের প্রসঙ্গে বিজেপি চেয়ারম্যান বলেন, গত ছয় মাসে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তার বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অভিযোগও শোনা যায়নি। কোনো মিথ্যা মামলা, হয়রানি বা চাঁদাবাজিও হয়নি বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, তার দলের নাম ব্যবহার করে কেউ চুরি, ডাকাতি, সন্ত্রাস বা চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো সন্ত্রাসী বা দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি জানান।
এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশাল নদীবন্দরে যান আন্দালিব রহমান পার্থ। পরে স্পিডবোটে করে ভোলা সদর উপজেলার খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।