জাতীয়
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের চুক্তি সই
রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণে ইসলামিক উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি করেছে সরকার।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইসলামিক উন্নয়ন ব্যাংক গোষ্ঠীর চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মিজানুর রহমান এবং ইসলামিক উন্নয়ন ব্যাংকের পক্ষে মহাপরিচালক আনাসি আইসামি চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইসলামিক উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকল্পটি বাস্তবায়ন হলে ইস্টার্ন রিফাইনারিতে বছরে আরও ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে। ২০৩০ সালের নভেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ হলে দেশের মোট পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ স্থানীয়ভাবে পূরণ করা সম্ভব হবে বলে প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন।
চুক্তি সইয়ের পর সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামিক উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের।
সাক্ষাতে দুই পক্ষের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্ব, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং অবকাঠামো খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।