জাতীয়

৭ মাসে নিখোঁজ ১৫ হাজারের বেশি শিশু, উদ্ধার ৮৭ শতাংশ: পুলিশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

৭ মাসে নিখোঁজ ১৫ হাজারের বেশি শিশু, উদ্ধার ৮৭ শতাংশ: পুলিশ
ছবি: সংগৃহীত

চলতি বছরের প্রথম সাত মাসে দেশের বিভিন্ন থানা এলাকায় নিখোঁজ হওয়া ১৫ হাজার ৭১৭ শিশু-কিশোরের মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করেছে পুলিশ। অর্থাৎ নিখোঁজদের প্রায় ৮৭ শতাংশকেই উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। কারণ ওইসব প্রতিবেদনে উদ্ধার হওয়া শিশুদের সংখ্যা উল্লেখ করা হয়নি।

পুলিশের যাচাই করা তথ্য অনুযায়ী, শূন্য থেকে ৯ বছর বয়সী নিখোঁজ ৪৭৪ শিশুর মধ্যে ৪০৬ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৬৮ জন।

অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ২৪৩টি সাধারণ ডায়েরি করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে এই বয়সী ২ হাজার ৩৮ জন শিশু-কিশোর নিখোঁজ রয়েছে।

পুলিশের বিশ্লেষণে দেখা গেছে, ছোট শিশুরা সাধারণত পথ হারিয়ে বা ঠিকানা বলতে না পারার কারণে নিখোঁজ হয়। আর কিশোর-কিশোরীদের ক্ষেত্রে পড়াশোনার চাপ, অভিমান, স্বাধীনভাবে চলার আকাঙ্ক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যম বা বন্ধুদের প্রভাব এবং পারিবারিক কলহের কারণে বাড়ি ছাড়ার প্রবণতা বেশি দেখা যায়।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, অনলাইনে সাধারণ ডায়েরি করার সুবিধা সহজ হওয়ায় নিখোঁজের তথ্য দ্রুত নথিভুক্ত হচ্ছে। এতে উদ্ধার কার্যক্রমও আরও গতিশীল হয়েছে। এখনো যারা নিখোঁজ রয়েছে, তাদের উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।