জাতীয়
বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যাচ্ছেন না ড. ইউনূস, ওয়েবসাইট থেকে সরানো হলো নাম
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে (ওয়ার্ল্ড হেলথ সামিট) অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তার সফর বাতিল হয়েছে। সম্মেলনের ওয়েবসাইট থেকেও বক্তা হিসেবে তার নাম সরিয়ে নেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যগত কারণে সম্মেলনে অংশ নিতে পারছেন না তিনি।
সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ নিয়ে ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের কয়েকটি সংগঠনের আপত্তির মধ্যে তার সফর বাতিলের খবর সামনে এসেছে। তবে তার সফর বাতিলের সঙ্গে এসব সংগঠনের আপত্তির কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
রোববার শুরু হওয়া এবারের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের প্রতিপাদ্য ‘সংকট থেকে স্থিতিস্থাপকতা: স্বাস্থ্যের জন্য উদ্ভাবন’। মঙ্গলবার পর্যন্ত চলা এ সম্মেলনে বিভিন্ন দেশের বিজ্ঞানী, চিকিৎসা বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিশ্বজুড়ে স্বাস্থ্য খাতের সংকট, উদ্ভাবনী উদ্যোগ এবং এসব সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিয়ে সম্মেলনের বিভিন্ন অধিবেশনে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সম্মেলনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমানও একটি অধিবেশনে অংশ নেবেন। এদিকে সম্মেলনের আরেকটি অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা ছিল ড. মুহাম্মদ ইউনূসের। এ জন্য তাকে বক্তা হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে তার নাম ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের যোগাযোগ দলের পক্ষ থেকে আনা স্টোরমার ইমেইলে জানান, স্বাস্থ্যগত কারণে ড. মুহাম্মদ ইউনূস সম্মেলনে অংশ নেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন। তবে এ বিষয়ে ঢাকায় ইউনূস সেন্টারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রায় তিন সপ্তাহ আগে ইউরোপভিত্তিক পাঁচটি সংগঠন সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছিল। এ দাবির পক্ষে সংগঠনগুলো একটি পিটিশনও দাখিল করে।
পিটিশন দাখিলকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে সাউথ এশিয়া ডেমোক্র্যাটিক ফোরাম (বেলজিয়াম), ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম (ইউরোপ ও যুক্তরাজ্য), ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ইন জার্মানি, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক এবং ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স।
পিটিশনে বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক হাম প্রাদুর্ভাবের পেছনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে। এ বিষয়ে স্বাধীনভাবে পর্যালোচনা প্রয়োজন বলে দাবি করে সংগঠনগুলো। তাদের মতে, বিষয়গুলো পর্যালোচনার আগে ড. মুহাম্মদ ইউনূসকে সম্মেলনের বিশেষ বক্তা হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।
তবে সম্মেলনের আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূসের সফর বাতিলের কারণ স্বাস্থ্যগত। তার সফর বাতিল এবং ওয়েবসাইট থেকে নাম সরিয়ে নেওয়ার বিষয়ে এর বাইরে কোনো কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।