জাতীয়
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৪৬৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯১ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, রাজশাহী বিভাগে ১৮৪ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩ হাজার ৩৯৬ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ২৯৬ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯৬৫ জন ডেঙ্গু রোগী। তবে একই সময়ে ৯ জনের মৃত্যুতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে।
দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও জমে থাকা পানি নিয়মিত অপসারণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।