জাতীয়

‘শেখ হাসিনার দুপুরের খাবারে খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৪ এএম

‘শেখ হাসিনার দুপুরের খাবারে খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়’
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় প্রতিদিন দুপুরের খাবারের পেছনে সাড়ে ১০ লাখ টাকা খরচ হতো বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা ২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মাত্র ১৫০ টাকায় দুপুরের খাবার খান।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে বরগুনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, যে অফিস থেকে শেখ হাসিনার প্রতিদিনের দুপুরের খাবারের জন্য সাড়ে ১০ লাখ টাকা এবং বছরে ৩৫ কোটি টাকা খরচ করা হতো, সেখানে তারেক রহমান ১৫০ টাকায় খাবার খান। কিছুদিন আগে তারেক রহমান বলেছেন, দেশের একটি পয়সাও তার হাত দিয়ে নষ্ট হবে না। তিনি যত দিন দায়িত্বে থাকবেন, তত দিন এ বিষয়ে সতর্ক থাকবেন।

মো. নূরুল ইসলাম মণি বলেন, কেয়ামতের দিন আল্লাহ মানুষের হৃদয় দেখে বিচার করবেন। মানুষ মোটা না চিকন, কালো না ফর্সা, লম্বা না খাটো, এসব বিবেচনা করা হবে না। বরং মানুষের হৃদয়, আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করেছেন কি না, তা বিবেচনা করা হবে। একইভাবে তারেক রহমানের হৃদয়ও দেখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, তারেক রহমান সাধারণ পোশাক পরেন এবং সাদামাটা জীবনযাপন করেন। গত পরশু দুপুরে তার সঙ্গে ঢেরস ভাজি, কুমড়া ভর্তা ও ডাল দিয়ে খাবার খেয়েছেন বলেও জানান চিফ হুইপ।

নূরুল ইসলাম মণি বলেন, বাংলাদেশের জন্য এটি সৌভাগ্যের বিষয় যে তারেক রহমানের মতো একজন মানুষ প্রধানমন্ত্রী হয়েছেন। তারেক রহমান প্রধানমন্ত্রী না থাকলে অন্য কেউ দায়িত্ব নিলে দেশ আরও ভালোভাবে পরিচালিত হবে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।