জাতীয়

সরকারি প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ পার্বত্যমন্ত্রীর, সুপেয় পানির সংকট নিরসনে গুরুত্ব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০২:১২ পিএম

সরকারি প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ পার্বত্যমন্ত্রীর, সুপেয় পানির সংকট নিরসনে গুরুত্ব
ছবি: সংগৃহীত

সরকারি অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের মানুষের সুপেয় পানির সংকট নিরসনে কার্যকর প্রকল্প গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহুডস ইমপ্রুভমেন্ট অ্যান্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট ইন দ্য চিটাগাং হিল ট্র্যাক্টস সেক্টর প্রজেক্ট’-এর ষষ্ঠ প্রকল্প স্টিয়ারিং কমিটির (পিএসসি) সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় মন্ত্রী বলেন, সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যবহার এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়ে গুরুত্ব দিয়ে সাচিং প্রু বলেন, পাহাড়ি জনপদের অন্যতম প্রধান সমস্যা সুপেয় পানির সংকট। এ সমস্যা সমাধানে স্থানীয় মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে কার্যকর প্রকল্প গ্রহণ করতে হবে। পাশাপাশি গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়ন দ্রুততর করার ওপরও গুরুত্ব দিতে হবে, যাতে পাহাড়ি জনগোষ্ঠী এসব উদ্যোগের সুফল পেতে পারে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ অঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তনে সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, সুপেয় পানির সংকট নিরসন এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান পার্বত্যমন্ত্রী।

সভায় সংশ্লিষ্ট প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম এবং পার্বত্য অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে প্রকল্পটির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত লক্ষ্য অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়।