জাতীয়

বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে আলোচনা এগোচ্ছে, নতুন কর্মসূচি নিয়ে আশাবাদী বাংলাদেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৯ পিএম

বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে আলোচনা এগোচ্ছে, নতুন কর্মসূচি নিয়ে আশাবাদী বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক যুদ্ধের প্রভাব বিবেচনায় বাংলাদেশের অগ্রগতি নিয়ে আইএমএফ সন্তুষ্ট। দুই আন্তর্জাতিক সংস্থার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ এগিয়ে নিতে সরকার আশাবাদী।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভার ফাঁকে বৃহস্পতিবার আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, গত কয়েক দিনে আইএমএফের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব আলোচনায় অর্থনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে তথ্য আদান-প্রদান করা হয়েছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবারের বৈঠকেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ যে অর্থনৈতিক পরিস্থিতি উত্তরাধিকারসূত্রে পেয়েছে এবং বর্তমানে বিশ্বজুড়ে যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, সেগুলো বিবেচনায় নিয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আইএমএফ সন্তুষ্ট। তবে ব্যাংকিং খাতের সংস্কার, কর-জিডিপি অনুপাতসহ কয়েকটি বিষয়ে সংস্থাটির পর্যবেক্ষণ রয়েছে। এসব বিষয়ে বাংলাদেশেরও নিজস্ব মূল্যায়ন ও পর্যবেক্ষণ রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে ইতোমধ্যে বেশ কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে এবং কয়েকটি সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। যেসব বিষয় এখনো অমীমাংসিত রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। প্রয়োজন অনুযায়ী আগামী কয়েক মাস ধরেও এ প্রক্রিয়া চলতে পারে।

আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এ নিয়ে আলোচনা ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতে আলোচনা অব্যাহত রেখে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে অগ্রসর হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে ব্যাংকিং খাতের পুনঃমূলধনীকরণ, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান আমির খসরু। তিনি বলেন, এসব বিষয়ে আইএমএফ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সরকারের আলোচনা চলছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো কাজ করছে।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারের নিজস্ব উন্নয়ন পরিকল্পনা ও অগ্রাধিকার বাস্তবায়নে আইএমএফ, বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করা হবে।

আইএমএফের কর্মসূচির শর্ত এবং বিভিন্ন বিষয়ে মতপার্থক্য প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের কর্মসূচিতে শর্ত থাকা স্বাভাবিক। কোনো বিষয়ে মতপার্থক্য দেখা দিলে তা ধৈর্য ধরে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আলোচনার ধারাবাহিকতা বজায় রেখে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে আমির খসরু বলেন, বাংলাদেশের একটি বিশ্বাসযোগ্য কৌশল রয়েছে বলেই আলোচনা এত দূর এগিয়েছে। আইএমএফ, বিশ্বব্যাংকসহ বহুপক্ষীয় সংস্থাগুলোর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করে দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিতে চায় সরকার।

উল্লেখ্য, আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভা ১২ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এ সভা চলার কথা রয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতিনির্ধারক এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সভায় বৈশ্বিক অর্থনীতি, আর্থিক স্থিতিশীলতা, উন্নয়ন সহযোগিতা এবং বিভিন্ন দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে।