জাতীয়

আওয়ামী লীগ টাকা পাচার করেছে, তাই বিদ্যুৎ বিল বেশি আসে: চিফ হুইপ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০২ পিএম

আওয়ামী লীগ টাকা পাচার করেছে, তাই বিদ্যুৎ বিল বেশি আসে: চিফ হুইপ
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ দেশের ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তার দাবি, অর্থ পাচার এবং অকেজো বিদ্যুৎকেন্দ্রের পেছনে বিপুল অর্থ ব্যয়ের কারণে সাধারণ মানুষের বিদ্যুৎ বিল বেশি আসছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বরগুনার বামনায় বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম মনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। ওই সরকারের সময়ে দেশে অকেজো বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছিল। এসব বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রতি মাসে ২০০ থেকে ৩০০ কোটি টাকা দেওয়া হতো। এ কারণেও বিদ্যুৎ বিল বেশি আসে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা খাবারের পেছনে বছরে ৩৫ কোটি টাকা খরচ করতেন। অন্যদিকে, বর্তমান সরকারকে পাঁচ মাসের মধ্যে ঋণ ও সুদ বাবদ ২৬ হাজার কোটি টাকা পরিশোধ করতে হয়েছে।

চিফ হুইপ বলেন, ক্ষমতায় আসার তিন বছরের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরেই সৌদি আরবে প্রথম জনশক্তি রপ্তানি শুরু হয়।