জাতীয়
দেশের সব মোটরসাইকেল মালিক ও চালকদের জন্য নতুন নির্দেশ
দেশের সব মোটরসাইকেলের সামনে নির্ধারিত শর্ত মেনে হাতে তৈরি নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সম্প্রতি বিআরটিএর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে নিবন্ধন নম্বর প্রদর্শনের পাশাপাশি সামনেও নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নে মোটরসাইকেলের সামনের দিকে হাতে তৈরি নম্বরপ্লেট লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, স্কুটার মোটরসাইকেলের সামনে ২০০ মিলিমিটার দৈর্ঘ্য ও ১০০ মিলিমিটার প্রস্থের নম্বরপ্লেট লাগাতে হবে। প্লেটে ব্যবহৃত অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। এতে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। পাশাপাশি নম্বরপ্লেটে কোনো ধরনের শোভাবর্ধক উপাদান বা নকশা ব্যবহার করা যাবে না।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের সামনে ২৮৫ মিলিমিটার দৈর্ঘ্য ও ৫০ মিলিমিটার প্রস্থের নম্বরপ্লেট সংযোজন করতে হবে। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। নিবন্ধন নম্বরের একটি অনুলিপি সামনে প্রদর্শন করা যাবে। উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ নম্বরটি উল্লেখ করেছে বিআরটিএ।
গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত শর্ত অনুসরণ করে মোটরসাইকেলের সামনে হাতে তৈরি নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।