জাতীয়
গণতন্ত্রের ভিত শক্তিশালী হলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদ মন্ত্রী
দলমত-নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী রাখতে পারলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে রাজনৈতিক ঐক্য বজায় রাখা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশের স্বার্থে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং তারেক রহমানের নেতৃত্বকে সহযোগিতা করা জরুরি। মানুষের কল্যাণে নতুনভাবে বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন রয়েছে। অতীতের রাজনৈতিক পরিস্থিতি পেছনে ফেলে দেশে নির্বাচনী প্রক্রিয়া নতুনভাবে শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই গণতান্ত্রিক যাত্রাকে অনেক দূর এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, সামনে অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। এ জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলমত-নির্বিশেষে সবাইকে দেশের গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার চেষ্টা করতে হবে। গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকলে নিয়মিত উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমেও দেশের অগ্রগতি সম্ভব।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী বলেন, গত ১৭ থেকে ১৮ বছরের ইতিহাস নানা প্রতিকূলতায় ভরা ছিল। ওই সময়ে মানুষ বিভিন্নভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে। বর্তমানে যে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ তৈরি হয়েছে, তা কয়েক বছর আগেও অনেকের কাছে কল্পনার বিষয় ছিল। এই স্বাভাবিক পরিস্থিতি ধরে রাখাই এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি বলেন, এত দিন রাজনৈতিক সংগ্রাম করতে হয়েছে, আর এখন জীবনসংগ্রামে এগিয়ে যাওয়ার সময় এসেছে। দেশে এখনো অভাব-অনটন রয়েছে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে এসব সংকট মোকাবিলা করতে হয়েছে। মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করা না গেলে শিক্ষা, সামাজিক অবস্থান, সচেতনতা, সমাজসেবা কিংবা মানবকল্যাণে কাজ করার গুরুত্বও প্রশ্নের মুখে পড়ে বলে মন্তব্য করেন তিনি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সরকার সারা দেশে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উদ্যোগ নিয়ে দেশ পরিচালনার কাজ এগিয়ে নিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক নেতৃত্ব, আন্দোলন-সংগ্রাম এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার বিষয়েও বক্তব্য দেন।
রাজনৈতিক মতপার্থক্য ও কর্মসূচি প্রসঙ্গে পানিসম্পদ মন্ত্রী বলেন, বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনা হলেও সংসদের বাইরে অনেক সময় সেই আলোচনার ধারাবাহিকতা বজায় থাকে না। কখনো উত্তেজনা থেকে নতুন কর্মসূচি নেওয়ার প্রবণতা দেখা যায়, যা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের সামগ্রিক স্বার্থ বিবেচনায় রাখা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। এ ছাড়া উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন এবং লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং দেশের উন্নয়ন, গণতন্ত্রের ধারাবাহিকতা ও সামাজিক কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়।